ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জানান, শেখ হাসিনা যেন দেশে ফেরেন, সেটিই তাঁরা চান এবং তাঁর প্রত্যর্পণের বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরায় আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে এলে আইন তার নিজস্ব গতিতে পরিচালিত হবে। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে কিছু মামলায় ফাঁসির রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিগত ১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী অভিযোগ করেন, তৎকালীন সরকারের আমলে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার করা হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিতাই রায় চৌধুরী আরও বলেন, ফ্যাসিবাদীদের নিপীড়নের মুখেও বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যাননি। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের অর্থ নিয়ে ভারতে পালিয়ে গেছেন এবং তাঁরা একটি পলাতক শক্তি বলে মন্তব্য করেন তিনি। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ এবং মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্যরা।
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মাগুরায় এক অনুষ্ঠানে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।


0 Comments