জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম হাতে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় পুলিশ সদস্যরা দুর্গাপূজার দায়িত্ব পালনের জন্য প্রস্ততি নিচ্ছিলেন। এ সময় আসলাম হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করলে পুলিশ সদস্যরা তার পরিচয় ও আসার কারণ জানতে চান। তখন তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে আঘাত করার চেষ্টা করলে তা রকির বাম চোয়ালে লেগে রক্তাক্ত জখম হন। এরপর তাকে আটকাতে গেলে ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে এবং অপর এক পুলিশ সদস্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করে জখম করেন আসলাম। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তিনি কাঠের বাটাম ফেলে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান। এজাহারে আসামির বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন এবং ঘটনার সময় তিনি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলেন। পরবর্তীতে অভিযান চালিয়ে আসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
জয়পুরহাটের কালাই থানায় কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


0 Comments