ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। বুধবার ১৪ অক্টোবর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন এবং আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। উপ-প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে বুয়েটের পড়াশোনা শেষ করে এলজিইডি ও জনতা ব্যাংকে কাজ করার পর ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরির বিষয়টি তুলে ধরেন নায়লা শারাফ। জন্ম থেকেই দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় 'প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল' প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেনের কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুলভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়া ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল ইমামতির পাশাপাশি পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তুলে প্রায় তিন দশক ধরে নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানোর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেন।

সংক্ষেপে:
সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments