অস্ট্রেলিয়ার মাটিতে মারকুটে ব্যাটিং ও ম্যাচের গতি বদলে দেওয়ার দক্ষতায় ট্রাভিস হেড দলের অন্যতম নির্ভরতার প্রতীক হলেও দেশের বাইরে তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৯ ও ১১ রান। প্রথম ইনিংসে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে এবং দ্বিতীয় ইনিংসে লিডিং এজ হয়ে ফেরার পর বিদেশের মাটিতে তাঁর ব্যাটিং সামর্থ্য নিয়ে পুরোনো প্রশ্নটি ফের সামনে চলে এসেছে। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে হেডের ব্যাটিং গড় যেখানে ৫১.৮৬, বিদেশের মাটিতে তা নেমে আসে ৩১.৬২-এ। তাঁর টেস্ট ক্যারিয়ারের ১২টি সেঞ্চুরির মধ্যে ১১টিই এসেছে নিজেদের মাটিতে। মাইকেল হাসি কিংবা ডেভিড ওয়ার্নারের মতো কিংবদন্তিদের ক্ষেত্রেও ঘরের মাঠ ও বিদেশের পারফরম্যােন্সে ব্যবধান দেখা গেছে। তবে হেডের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের ক্ষেত্রে এই তফাতটি নজরে পড়ার মতো। ডারবানের উইকেটে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের মধ্যে তিনিই সবচেয়ে কম রান পেয়েছেন। ক্যারিয়ারের একটি বড় পর্যায়ে পাঁচ নম্বরে ব্যাট করা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন টেস্টে ওপেনার হিসেবে খেলছেন। ২০২৩ সালে ডেভিড ওয়ার্নারের বদলি হিসেবে ইনিংস শুরু করার পর তিনি এই পজিশনেই স্থায়ী হয়েছেন। ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলেও গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে তিনবার বোল্ড হওয়ার পর ডারবানেও ব্যর্থ হলেন। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ওপেনার হিসেবে টেস্টের প্রথম ইনিংসে হেডের গড় ২৩.৬৬ হলেও দ্বিতীয় ইনিংসে তা বেড়ে দাঁড়ায় ৪৯.৬০, তৃতীয় ইনিংসে ৬২.৮৩ এবং চতুর্থ ইনিংসে ৬০.৭৫। পক্ষান্তরে, পাঁচ নম্বরে ব্যাটিং করার সময় প্রথম ইনিংসে তাঁর গড় ছিল ৫৪.৬৯। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নতুন বলের চ্যালেঞ্জ এবং প্রথম দিনের পরিবেশ ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সিরিজ শুরুর আগে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাভিস হেড জানিয়েছেন, তিনি ফলাফলের চেয়ে সবসময় প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেন। ওপেনিংয়ে খেলা বা পাঁচ নম্বরে নামা—সবক্ষেত্রেই নিজের সামর্থ্য অনুযায়ী বল মোকাবিলা করার প্রক্রিয়ায় মনোযোগ রাখেন বলে উল্লেখ করেছিলেন তিনি। দুই ইনিংসের ব্যর্থতা দিয়ে পুরো সিরিজ বিচার করা না গেলেও সামনে থাকা টেস্টগুলোতে একাদশে সুযোগ পেলে হেডের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আগ্রাসী এই ব্যাটারের একটি ভালো ইনিংসই পুরো সমালোচনার সুর বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের বাইরে টেস্ট ক্রিকেটে কেন বারবার রানখরায় ভুগছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে ব্যর্থতার পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর বিদেশের মাটির পারফরম্যান্স।


0 Comments