ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সুলতান মনসুর গ্রেপ্তার

নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সুলতান মনসুর গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে দলটির কর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টার মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আবু সালেহ আসামিকে আদালতে হাজির করে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং ইন্ধন ছিল এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানো আবশ্যক। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করলেও আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে প্রচার চালিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি কর্মী মুশফিকুর রহমানকে তুলে নিয়ে একটি ট্যানারির গুদামে আটকে রাখা হয়। সেখানে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টার পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। এ ছাড়া ওই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এজাহারে আরও বলা হয়, আসামিরা কাঁদানে গ্যাসের শেল ও শত শত গুলিবর্ষণ করেন, যার ফলে বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন এবং মামলার বাদী মুশফিকুর রহমান নিজেও গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সংক্ষেপে:
নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা ও কর্মী হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা ও হত্যাচেষ্টা মামলায় সুলতান মনসুর গ্রেপ্তার

0 Comments