বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের গভীর সংযুক্তি রয়েছে এবং সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে আসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় দেশের শিল্প ও অর্থনীতির স্থায়িত্ব নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং দৈনিক যুগান্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি : চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্পসচিব আব্দুন নাসের খান, এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, সিপিডির নির্বাহী পরিচালক নাজনিন আহমেদ, এনপিওর মহাপরিচালক মোহা. নায়েব আলী, এসএমই ফাউন্ডেশনের পরিচালক খালিদ মাহমুদ খান এবং ট্যুরিজম রিসার্চ ডেভেলপমেন্টের পরিচালক আবু সুফিয়ান। বৈঠকে প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরাও অংশ নেন। বিশ্ববাজারে টিকে থাকতে প্রযুক্তি ও দক্ষতার ওপর জোর দিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি বা ওভারল্যাপিং বন্ধ করতে হবে। এডিপির নতুন প্রকল্প নেওয়ার আগে বিদ্যমান প্রকল্পের সঙ্গে এর কোনো মিল আছে কি না, তা প্রযুক্তিনির্ভরভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা সফটওয়্যার ব্যবহার করে প্রকল্পের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হলে সরকারি ব্যয়ের দক্ষতা বাড়বে এবং অপচয় কমবে বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক বাজারের প্রসঙ্গ টেনে বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলকভাবে পণ্য উৎপাদন করা না গেলে অন্য দেশ বাজার দখল করবে। তাই কৃত্রিম সুরক্ষার পাশাপাশি দেশীয় শিল্পকে প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে হবে। পোশাক খাতের উদাহরণ দিয়ে তিনি জানান, সাধারণ শ্রমিকরাও প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম। সঠিক পরিকল্পনা, নেতৃত্ব এবং দৃঢ় সংকল্পের ঘাটতিই উৎপাদনশীলতা বাড়ানোর প্রধান বাধা বলে মন্তব্য করেন তিনি। শিল্প ও অর্থনীতিকে এগিয়ে নিতে বাস্তবমুখী পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ দেন খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


0 Comments