ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গ্রিন কার্ড লটারি বা ডিভি ভিসা কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

গ্রিন কার্ড লটারি বা ডিভি ভিসা কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গ্রিন কার্ড লটারি বা ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন বিজ্ঞপ্তির সময়সূচি প্রকাশ করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে অনলাইনে সরাসরি আবেদন গ্রহণ শুরু করতে হবে। নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে। তবে আবেদনকারীদের চূড়ান্ত সময়সূচি, যোগ্যতার শর্ত ও আবেদন পদ্ধতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান এই মামলাটি করেছিল। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত কর্মসূচিটি আটকে রেখেছে এবং এতে আবেদনকারীদের পাশাপাশি লটারি-সংক্রান্ত আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হয়েছে। মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পররাষ্ট্র দপ্তরকে জবাবদিহির আওতায় আনা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিচারক মনে করেন, শুধু সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে কংগ্রেস অনুমোদিত কর্মসূচি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। ডিভি লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম, তারাই এতে অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের চালু করা এই কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ৫৫ হাজারের বেশি ডাইভারসিটি ভিসা মঞ্জুর করা হয় না। এদিকে বাংলাদেশ নিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ২০১২ সাল থেকে বাংলাদেশ আর ডাইভারসিটি ভিসা কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য নয়। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণে বাংলাদেশ এই যোগ্যতা হারিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিক ও অধিবাসীদের প্রতি যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের জন্য ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ডিবি প্রোগ্রামের জন্য বর্তমানে অযোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশসহ ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

সংক্ষেপে:
গ্রিন কার্ড লটারি বা ডিভি ভিসা কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রিন কার্ড লটারি বা ডিভি ভিসা কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

0 Comments