মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তাকে টার্গেট করা হয়েছিল এবং দল যেন কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সেজন্য তিনি নিজ থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কাছে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তার এই পদত্যাগে সম্মতি দিয়েছেন। এখন থেকে তিনি ঢাকা-৬ আসন ও তার পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলসহ অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে সময় দিতে চান। এ সময় গণমাধ্যমের সমালোচনা করে তিনি দাবি করেন, গত কয়েকদিন ধরে দেশি ও বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কিছুটা সত্যের পাশাপাশি অতিরঞ্জিত ও কাল্পনিক বিষয় তুলে ধরে তাকে হেয় করা হয়েছে এবং এর ফলে দলও বিব্রত হয়েছে। এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের সৃষ্টি করায় প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠিয়ে এই নির্দেশ দেন।
বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।


0 Comments