সৌদি আরবের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানানো এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন নারী ও একজন পুরুষ প্রবাসী সম্পর্কে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ফেসবুকের পোস্ট দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নথিপত্র পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে ঢাকা। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে এবং এখন জেদ্দার উত্তরের অপেক্ষায় রয়েছে সরকার। তিনি আরও উল্লেখ করেন, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দি বাংলাদেশিদের নাম ও পরিচয়সহ বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের মিশনে পাঠিয়ে থাকে। এই দুই ব্যক্তির নাম ওই তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রায়ের কপি না পাওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়ে তিনি জানান, মন্ত্রণালয়ের কাছে এখনও বিস্তারিত তথ্য নেই এবং পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। সৌদি আরবের প্রতিক্রিয়াকে খুবই ইতিবাচক উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য এবং রেমিট্যান্সের অন্যতম বড় উৎস।
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে রায়ের কপি চেয়েছে ঢাকা। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার এবং অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


0 Comments