ভারতের রাজধানী দিল্লিতে লেহরা দো তিরঙ্গা শীর্ষক মিছিল শুরু হওয়ার প্রাক্কালে ককরোচ জনতা পার্টির বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ষোলোই অক্টোবর নিজ বাসভবন থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। একই সময়ে দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে দলটির আরেক নেত্রী নেহা বোরাকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গত এক সপ্তাহের ব্যবধানে সিজেপি প্রধান অভিজিৎ দীপকের এটি দ্বিতীয়বারের মতো আটক হওয়ার ঘটনা। এর আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর পরপরই তাকে প্রথমবার আটক করা হয়েছিল। গত তেরো অক্টোবর যন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে প্রবেশের কারণে সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতেই শুক্রবার দলটির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে এর একদিন আগেই যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। শুক্রবার আটকের সময় অভিজিৎ দীপকেকের সঙ্গে দায়িত্বরত পুলিশের কথোপকথন হয়। পুলিশ তাকে জানায় যে তিনি নয়াদিল্লিতে প্রবেশ করতে পারবেন না এবং তাকে আটক করা হচ্ছে। এর জবাবে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ বলেন যে তিনি অন্য কোথাও যেতে পারেন এবং তিনি কোনো আইন ভাঙেননি। এর আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের বাসায় গিয়ে নোটিশ জারি করে কনট প্লেস ও আশপাশের এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার বা বিএনএসএসের ১৬৩ ধারার অধীন নিষেধাজ্ঞামূলক আদেশ বলবৎ থাকার বিষয়টি জানিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে নয়াদিল্লি পৌর পরিষদ বা এনডিএমসি প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের জন্য কোনো অনুমতি দেয়নি। নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অনুমতি ছাড়া কর্মসূচি পরিচালনা করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। আটকের সময় মহাত্মা গান্ধীর ছবি সংবলিত পোশাক পরা ৩১ বছর বয়সী এই রাজনৈতিক নেতা সোফায় বসে কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে পুলিশের নোটিশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চান তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে। জবাবে পুলিশ সদস্যরা তাকে জানান, জাতীয় পতাকা বহন করা বেআইনি নয়, তবে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশ, মিছিল আয়োজন এবং বিপুল জনসমাগম ঘটানো সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল, যার ফলে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিল্লিতে পূর্বানুমতি ছাড়া তিরঙ্গা মিছিল আয়োজনের চেষ্টার অভিযোগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং এক নেত্রীকে আটক করেছে পুলিশ।


0 Comments