ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের গভীর উদ্বেগ

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের গভীর উদ্বেগ

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ) এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আন্দোলনকারীদের ওপর হামলা, আটক ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠন দুটি। একই সঙ্গে প্রতিবাদকারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সোমবার পৃথক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরে উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। উদীচীর বিবৃতিটিতে স্বাক্ষর করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। অন্যদিকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের বিবৃতিতে আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনসহ মোর্চার অন্তর্ভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বাক্ষর করেছেন। উদীচীর বিবৃতিতে উল্লেখ করা হয়, যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও নির্যাতনের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। আন্দোলনটির সংগঠক, রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থকদের আটক এবং নিপীড়নের নিন্দা জানিয়ে বলা হয়, নানা বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনকারীরা ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। তাঁদের অভিযোগ, বিপুলসংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজির মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়ার মতো অনিয়মে নির্বাচন কমিশন জড়িত। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করেছে উদীচী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের বিবৃতিতে বলা হয়, যন্তর মন্তর ভারতের মানুষের ক্ষোভ ও প্রতিবাদ জানানোর ঐতিহাসিক স্থান। সেখানে চলমান আন্দোলনে অংশ নেওয়া নাগরিক, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অহিংস অবস্থানের প্রতি সংহতি জানানো হচ্ছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের সংগঠক ও কর্মীদের আটক-নিপীড়নের নিন্দা জানানো হয়। উভয় বিবৃতিতে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যায়ভাবে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং তাঁদের সঙ্গে আইনানুগ ও মানবিক আচরণের জোর দাবি জানানো হয়েছে।

সংক্ষেপে:
দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আন্দোলনকারীদের ওপর হামলা ও আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি।
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের গভীর উদ্বেগ

0 Comments