দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও প্রচেষ্টার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের বিশেষ অনুরোধে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল, ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি অন্যান্য রিক্রুটিং এজেন্সি। মালয়েশিয়ায়গমনেচ্ছুরা এসব তালিকাভুক্ত ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিজেদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ রাখা হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সেন্টারকে এককভাবে দায়িত্ব দেওয়া হয়নি। শ্রমবাজারে কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ এড়াতে এবং কর্মীরা যাতে সহজে স্বচ্ছ প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে দিকনির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হয়েছে। তবে বিনা খরচে এই ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কারা আবেদন করতে পারবেন, আবেদন শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এবং নিয়োগের বিস্তারিত শর্তসমূহ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। এসব বিষয়ে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার। স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে।


0 Comments