ভূমি সেবাকে সম্পূর্ণ স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করে তুলতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ দ্রুততম সময়ে এবং নির্ভুলভাবে সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সরকারের মূল লক্ষ্য হলো কাজের গুণগত মান বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডেটা এন্ট্রির অগ্রগতি এবং শিক্ষণীয় অভিজ্ঞতা শীর্ষক এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তারা এই দিকনির্দেশনা প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি-এর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য মো. আতিকুল হক ও মো. কামাল হোসাইন প্রকল্পের কৌশলগত ও আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরে জানান, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রান্তিক ভূমি মালিকদের সেবার আওতায় আনা এবং অন্তর্ভুক্তিমূলক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। ডেটা এন্ট্রি প্রক্রিয়ার সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ইউএনডিপি ভূমি মন্ত্রণালয়ের পাশে থেকে কারিগরি সহায়তা ও নিবিড় মনিটরিং অব্যাহত রাখবে। সভায় ল্যান্ড ডেটা ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ ফর ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্টের কার্যক্রমের ওপর প্রজেক্টরভিত্তিক একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসাইন এবং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ক্লাস্টারের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ও সাবেক মহাপরিচালক আতিকুল হক মাঠপর্যায়ের বাস্তবায়নচিত্র তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়, প্রি-পাইলট, পাইলট এবং দ্বিতীয় পর্যায় মিলিয়ে ঢাকা বিভাগের ৩টি জেলার ৩২টি উপজেলা বা সার্কেলের ১১২টি ভূমি অফিসে অটোমেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে। মতবিনিময় সভায় প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলোর ওপর বিশদ আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরদের বিশেষায়িত প্রশিক্ষণ, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস পর্যায়ে নিখুঁত ডেটা ম্যাপিং, উপজেলা ভূমি অফিস থেকে ম্যানুয়াল নামজারি খতিয়ানের কপি সংগ্রহ, হোল্ডিং ও খতিয়ান ডেটা যাচাই, তথ্য সংশোধন এবং সঠিক ডেটা সিস্টেম অন্তর্ভুক্তকরণ। এ ছাড়া ভূমি মালিকদের ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরির সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে পাঁচ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। সভায় উপস্থিত ভূমিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল হক চৌধুরী যৌথভাবে ইউএনডিপি প্রতিনিধিদলের বক্তব্য ও পর্যবেক্ষণ শোনেন। তারা স্পষ্ট নির্দেশ দেন যে, প্রযুক্তির সুবিধা যেন দেশের প্রতিটি নাগরিক সহজে ভোগ করতে পারে এবং কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বদা তৎপর থাকতে হবে।
ভূমি সেবাকে স্বচ্ছ ও আধুনিক করতে অটোমেশন প্রকল্পের কাজ দ্রুত ও নির্ভুলভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী।


0 Comments