বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, লালমনিরহাটের ভুট্টাকে কেন্দ্র করে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।শুক্রবার (২ অক্টোবর) লালমনিরহাট শহরের ক্যান্টিন মোড় এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া ভুট্টা চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, উত্তরাঞ্চলে কৃষিপণ্যভিত্তিক কারখানা স্থাপনে সহজ শর্তে ৭ শতাংশ সুদে ঋণ প্রদান করছে সরকার। ইতোমধ্যে লালমনিরহাটে ভুট্টাভিত্তিক কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। এসব কারখানা চালু হলে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি এই ভুট্টা চত্বরটি শেষ পর্যন্ত দর্শনার্থী ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং কাজ শেষে তা সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।তিস্তা ও ধরলার চরাঞ্চলসহ জেলার উর্বর জমিতে ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষকদের ফসলের সঠিক মূল্য দিতে আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিবান্ধব নীতির কারণে এ অঞ্চলের কৃষকরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। লালমনিরহাটের ভুট্টাকে জিআই পণ্য হিসেবে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এর বাজারমূল্য ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।ভুট্টা চত্বর নির্মাণের ফলে লালমনিরহাটের কৃষির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।
লালমনিরহাটে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুট্টা চত্বর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


0 Comments