সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং তিনশতের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার এক যৌথ শোকবার্তায় সংগঠনের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হামলায় নিহত বাংলাদেশি নাগরিকসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি আহতদের বিনামূল্যে সর্বাধুনিক চিকিৎসা এবং জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান। হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি বেসামরিক স্থাপনায় এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশে ফিরিয়ে এনে দাফন অথবা প্রবাসেই মর্যাদাপূর্ণ দাফনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি রক্ষা এবং বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান হেফাজত নেতারা। এদিকে রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও নিহতদের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রাজধানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি ওমরাহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন। বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে সংগঠনটি।


0 Comments