কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে সে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অস্ত্রসহ আটক হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই আসামি পালিয়ে যায় এবং তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে স্থানীয় জনতা অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে থানায় সোপর্দ করেন। স্থানীয় লোকজনের মারধরে আহত হওয়ায় তাদের উভয়কে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসায় একজনের অবস্থার উন্নতি ঘটলে তাকে আদালতে উপস্থাপন করা হয়, যেখানে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অপর আসামি ইব্রাহীম সে সময় পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আরও জানান, বুধবার রাতে একজন পুলিশ কর্মকর্তা ও দুই জন কনস্টেবল তাকে পাহারা দিচ্ছিলেন। এর মধ্যেই সুযোগ বুঝে সে হাসপাতালের ওয়ার্ড থেকে হাতকড়াসহ পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতাল ও তার আশেপাশের এলাকায় তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি। পালিয়ে যাওয়া আসামিকে আটকের জন্য বর্তমানে পুলিশের অভিযান চলছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশ হেফাজত ও হ্যান্ডকাফ ভেদ করে পালিয়ে গেছে ইব্রাহীম নামের এক রোহিঙ্গা আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


0 Comments