ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযানের পরিকল্পনা নেই, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযানের পরিকল্পনা নেই, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে সরকারের শতভাগ দায়িত্ব থাকলেও বিষয়গুলোকে বিশেষ কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো বিশেষ কোনো সামরিক কিংবা যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা বর্তমান সরকারের নেই। বুধবার চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপরাধ দমনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হলেও তা নতুন কিছু নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক চেষ্টা চলছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসামি গ্রেফতারে পুলিশকে বাধা বা সহযোগিতা করলে প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যকারিতা তুলে ধরে তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রত্যক্ষ নেতৃত্বে এটি পরিচালিত হবে এবং বিভিন্ন বিভাগের মধ্যে নিবিড় সমন্বয় বজায় থাকবে। বর্তমান বিশ্বে সাইবার অপরাধ ও শেয়ারবাজারের কারসাজির মতো অপরাধের ধরন বদলাচ্ছে উল্লেখ করে তিনি আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবকে অপরিহার্য বলে অভিহিত করেন। আন্তর্জাতিক সহায়তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আটটি বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সিআইডির কেমিক্যাল ল্যাবরেটরি প্রসঙ্গে তিনি বলেন, ভিসেরা প্রতিবেদন তৈরিতে সিআইডির ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অপরাধের পরিবর্তনের সঙ্গে এর আধুনিকায়ন ও সম্প্রসারণ জরুরি। দ্রুত বিচার নিশ্চিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ওপর জোর দিয়ে তিনি আধুনিক পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতির কথা জানান। সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংক্ষেপে:
চট্টগ্রামে সিআইডির ল্যাব উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ যৌথ অভিযানের কোনো পরিকল্পনা সরকারের নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযানের পরিকল্পনা নেই, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

0 Comments