আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মাঠে নামছেন আনসার ও ভিডিপির ৮৪ জন সদস্য। এবারের পূজায় নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে শারদীয় সুরক্ষা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই মূলত পূজামণ্ডপের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত তথ্য আদান-প্রদান এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার কুতুবদিয়ায় পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে একটি ব্রিফিং প্যারেড সম্পন্ন হয়েছে। এই প্যারেডে প্রতি মণ্ডপে ছয়জন করে মোট ৮৪ জন সদস্য অংশ নেন। ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবিদা সুলতানা উপস্থিত সদস্যদের দিকনির্দেশনা দেন। তিনি বলেন, পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে সরকারিভাবে অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে পালন করতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্তদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন তিনি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবিদা সুলতানা আরও জানান, নিরাপত্তা জোরদারের নতুন মাধ্যম হিসেবে এবার শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে দুজন করে আনসার ও ভিডিপি সদস্য এই অ্যাপের এন্ড ইউজার হিসেবে দায়িত্ব পালন করবেন। অ্যাপের সুবাদে মণ্ডপের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ও যেকোনো অপ্রীতিকর ঘটনার প্রতিবেদন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হবে, যা জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পুরো কক্সবাজার জেলার ১৮৮টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব মিলিয়ে এক হাজার ২০২ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।
কক্সবাজারের কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকছেন আনসার ও ভিডিপির ৮৪ সদস্য। নিরাপত্তায় এবার যুক্ত হয়েছে শারদীয় সুরক্ষা অ্যাপ।


0 Comments