উচ্চ বেতনে কনস্ট্রাকশনের কাজের প্রলোভন দেখিয়ে তরুণদের রাশিয়ায় পাচার এবং পরবর্তীতে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি পৃথক আরেকটি অভিযানে কেরানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আরও দুজনকে আটক করেছে বাহিনীটি। বুধবার এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এসআরবি জানায়, গত মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ ও ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের প্রধান দুই সদস্য মিজানুর রহমান (৫৫) এবং মো. আবু তাহের লেন্টুকে (৫০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে এবং মো. আবু তাহের লেন্টু ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাজন হোসেন নামের এক তরুণকে ভালো চাকরির লোভ দেখিয়ে রাশিয়ায় পাঠিয়েছিল। গত বছরের ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক রুশ বাহিনীতে যুক্ত করা হয়। সংক্ষিপ্ত প্রশিক্ষণ শেষে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একেবারে সামনের সারিতে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় পঙ্গুত্ব বরণ করার পর রাষ্ট্রদূতের সহযোগিতায় গত ২৩ আগস্ট দেশে ফিরে আসেন রাজন। প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায়, এই চক্রের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমানো ৩০ জনের মধ্যে ইতিমধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি যুদ্ধে প্রাণ হারিয়েছেন এবং মাত্র ২ জন কোনোমতে জীবন বাঁচিয়ে দেশে ফিরতে পেরেছেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার কালীগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে এসআরবি। অন্যদিকে, গত ১২ অক্টোবর রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় এসআরবি-১০ এর একটি দল চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। সেখান থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৪৬৩ বোতল ফেনসিডিলসহ মো. রুহুল আমীন (২৬) এবং মো. লিয়াকতকে (৪৩) গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমীন ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা। এসআরবি-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, মানব পাচার ও মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
রাশিয়ায় কনস্ট্রাকশন কাজের প্রলোভন দেখিয়ে পাচার ও ইউক্রেন যুদ্ধে পাঠানোর চক্রের দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে এসআরবি। এছাড়া কেরানীগঞ্জে পৃথক অভিযানে ফেনসিডিলসহ আরও দুজনকে আটক করা হয়েছে।


0 Comments