ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বজুড়ে জনগণের ঐক্যের ডাক আনু মুহাম্মদের

সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বজুড়ে জনগণের ঐক্যের ডাক আনু মুহাম্মদের

বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী শাসক শ্রেণির নানা বিভাজন নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, জনগণের মধ্যে অনৈক্য তৈরি করতে শাসক শ্রেণি ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জাতির ভিত্তিতে বিভাজন জিইয়ে রাখে।শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সলিডারিটি ফ্রম বাংলাদেশ আয়োজিত এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে ভারত, পাকিস্তান, ফ্রান্স ও বেলজিয়ামের ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিশ্বব্যাপী শোষণ ও নিপীড়নের প্রধান সুবিধাভোগী হলো মাত্র ১ শতাংশ মানুষ। যুক্তরাষ্ট্র, পাকিস্তান কিংবা বাংলাদেশ—সব দেশেই শাসক শ্রেণি নিজ স্বার্থে সম্পদ নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালায়। তিনি জানান, ক্ষুধার্ত মানুষের সামাজিক সুরক্ষার চেয়ে যুদ্ধ ও সামরিক খাতে যুক্তরাষ্ট্র সরকার শতগুণ বেশি অর্থ ব্যয় করে। ভারত ও পাকিস্তানের বিশাল সামরিক বাহিনীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দরিদ্র মানুষের জীবন ও সম্পদের বিনিময়ে একশ্রেণির গোষ্ঠী বৈশ্বিক নির্যাতন টিকিয়ে রেখেছে।রাষ্ট্র ও সরকারের সঙ্গে জনগণের ফারাক তুলে ধরে তিনি বলেন, শাসক শ্রেণির ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্যের মাধ্যমেই মুক্তি সম্ভব।সংহতি সমাবেশে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য হারুন অর রশিদ বলেন, ভারতে ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের নাগরিক অধিকার হরণ করা হচ্ছে। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশেও সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরোধিতা করতে হবে।সাম্যবাদী আন্দোলনের নেতা বেলাল চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব সংকট সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের সংকট। এই ব্যবস্থা মৌলিক খাতের বরাদ্দ কমিয়ে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে, যার ফলে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে।সভাপতির বক্তব্যে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের আন্দোলনে দমন-পীড়ন চলছে এবং বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ভারতের গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জোগাচ্ছে। সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রিনা মুর্মু, বাসদ মার্ক্সবাদীর কেন্দ্রীয় নেতা জয়দ্বীপ ভট্টাচার্য, রিকশা শ্রমিক ইজিবাইক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, কবি মোহন রায়হান, জাকির হোসেন, অমল আকাশ ও আবুল কালাম আজাদসহ অনেকে। সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মশালমিছিল বের হয়ে টিএসসি ঘুরে শাহবাগে এসে শেষ হয়।

সংক্ষেপে:
সাম্রাজ্যবাদী শাসক শ্রেণির বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনগণের ঐক্যের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে এ কথা বলা হয়।
সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বজুড়ে জনগণের ঐক্যের ডাক আনু মুহাম্মদের

0 Comments