যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের অংশ হিসেবে তিনি গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার পরিদর্শন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্ধারিত সূচির পরিবর্তন করে তিনি রাতে জামনগরেই অবস্থান করছেন। জামনগরে অবস্থিত এই বিশাল তেল শোধনাগার কমপ্লেক্সটি ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। পরিদর্শনের পাশাপাশি মার্কো রুবিও রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এর আগে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছিলেন যে রুবিও রিলায়েন্সের কিছু কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের প্রথম দিনেই ভারতের জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকার কথা উল্লেখ করে মার্কো রুবিও জানান, দেশটির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। তিনি ভারতকে অপরিশোধিত তেল শোধনের সুপারপাওয়ার হিসেবেও অভিহিত করেন। বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরের শুরুর দিকে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন রয়েছে। তার আগে ডিজেলসহ জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইরান যুদ্ধের আবহে জ্বালানির বিকল্প ব্যবস্থা তৈরি করে রাশিয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করাও এই সফরের অন্যতম লক্ষ্য। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানান, এবারের সফরটি আগের তুলনায় অনেকটাই ব্যবসাকেন্দ্রিক। রুবিওর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বাণিজ্যিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারের জন্যই তিনি ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ভেনেজুয়েলার তেল আমদানিতে জামনগর শোধনাগারের সক্ষমতা ব্যবহার করতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আরও বেশি পরিমাণে শোধন করার বিষয়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনা হবে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরে রিলায়েন্স থেকে প্রতিদিন তিন লাখ ৫০ হাজার থেকে তিন লাখ ৭০ হাজার ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হতে পারে। মুকেশ আম্বানির মালিকানাধীন জামনগর শোধনাগার বিশ্বের একক বৃহত্তম তেল শোধনাগার, যার দৈনিক সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা ১৪ লাখ ব্যারেল। রিলায়েন্স জানিয়েছে, এই কমপ্লেক্সটি এ পর্যন্ত ২১৬টির বেশি ধরনের অপরিশোধিত গ্রেড প্রক্রিয়াজাত করেছে।
জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের গুজরাটের জামনগরে রিলায়েন্সের তেল শোধনাগার পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।


0 Comments