ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৭০ জন সংবাদকর্মী নির্যাতন ও হয়রানির শিকার

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৭০ জন সংবাদকর্মী নির্যাতন ও হয়রানির শিকার

চলতি বছরের সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি, হুমকি এবং বিভিন্ন ধরনের বাধার মুখে পড়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সেপ্টেম্বর ২০২৬-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। শুক্রবার বিএজের গবেষণা ও মনিটরিং সেলের সম্পাদক মাহমুদুল হাছানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশের বিষয়টি জানানো হয়। সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে ৪০ জনই শারীরিক হামলা ও আঘাতের শিকার হয়েছেন। এ ছাড়া আটজন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন এবং ২২ জন সরাসরি হুমকি, হেনস্তা ও পেশাগত কাজে বাধার মুখে পড়েছেন। প্রতিবেদনে কক্সবাজার, চাঁদপুর, ঢাকা, নওগাঁ, বরগুনা এবং টাঙ্গাইলের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে বলা হয়েছে, কক্সবাজারে এক সাংবাদিকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় একটি কিশোর গ্যাং। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে সাংবাদিকের মা ও ছোট ভাইকে গুরুতর আহত করেন। চাঁদপুরের কচুয়ায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিক ও তাঁর শিশুকন্যাকে মারধর করা হয়। ঢাকার পল্লবীতে সংবাদ প্রচারের জেরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় সন্ত্রাসীরা হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঢাকার মিরপুরে অবৈধ হকার উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ছয়জন সাংবাদিক হামলার শিকার হন এবং একটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর করা হয়। আইনি হয়রানির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, নওগাঁয় সংঘর্ষে নিহতের ঘটনায় করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক সাংবাদিককে আসামি করা হয়েছে, যাঁর নাম মামলার বাদী চেনেন বলেও জানাননি। বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এক সাংবাদিকের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না পাওয়ার পরও তাঁকে হাতকড়া পরিয়ে আদালতে তোলার কথা জানানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য অধিকার আইনে আবেদন করায় এক সাংবাদিককে ইউএনও ফোন করে অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকদের ওপর এসব হামলা, পেশাগত কাজে বাধা ও আইনি হয়রানির জন্য আইনের শাসনের ঘাটতি এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছে বিএজে। সংগঠনটির মতে, এসব ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি তৈরি করছে এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংক্ষেপে:
সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে শারীরিক হামলা, হুমকি ও আইনি হয়রানির শিকার হয়েছেন অন্তত ৭০ জন সংবাদকর্মী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
সেপ্টেম্বর মাসে সারা দেশে ৭০ জন সংবাদকর্মী নির্যাতন ও হয়রানির শিকার

0 Comments