ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শাড়ির আড়ালে চার কেজি কুশ পাচারকালে শাহজালাল বিমানবন্দরে আটক ভারতীয় নাগরিক

শাড়ির আড়ালে চার কেজি কুশ পাচারকালে শাহজালাল বিমানবন্দরে আটক ভারতীয় নাগরিক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে লুকিয়ে আনা চার কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাঁকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএনসির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। বেলা একটার দিকে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষভাবে লুকানো কুশ জব্দ করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, নগদ অর্থ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড এবং তিনটি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানিয়েছেন, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং বনগাঁ রেলওয়ে স্টেশনের কুলি। একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র তাঁকে এই কাজে ব্যবহার করেছে বলে তাঁর দাবি। ডিএনসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চক্রটি ভারতের নিম্ন আয়ের মানুষদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর শাড়ির আড়ালে তাঁদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাচার করা হয়। বাংলাদেশে কুশের বাজার তৈরির চেষ্টা করছে এই চক্রটি। ডিএনসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের। এই ঘটনায় অভিজিৎ দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংক্ষেপে:
শাহজালাল বিমানবন্দরে শাড়ির আড়ালে চার কেজি কুশ আনার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শাড়ির আড়ালে চার কেজি কুশ পাচারকালে শাহজালাল বিমানবন্দরে আটক ভারতীয় নাগরিক

0 Comments