শততম প্রদর্শনীর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে থিয়েটার আর্ট ইউনিটের সংগীতনির্ভর আলোচিত নাটক আমিনা সুন্দরী। চট্টগ্রামের প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে নাটকটি লিখেছেন এস এম সোলায়মান এবং নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির যথাক্রমে ৯৯তম ও শততম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দলের ৩৫তম বর্ষে পদার্পণের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে এই বিশেষ অর্জন। ২০০৭ সালে মঞ্চে আসা নাটকটি দীর্ঘ যাত্রায় ঢাকার মঞ্চে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এস এম সোলায়মানের লেখার পাশাপাশি রামপ্রসাদ থেকে লালনসহ বিভিন্ন ধারার গানে সমৃদ্ধ এই নাটকের সংগীত পরিচালনা করেছেন সেলিম মাহবুব। নাটকে আমিনা চরিত্রে অভিনয় করছেন পল্লবী মাতব্বর, ইন্দ্রাণী ঘটক ও সুকৃতি আজম শ্রেষ্ঠা। এছাড়া নছর চরিত্রে মেহমুদ সিদ্দিকী লেনিন এবং ভোলা সওদাগর চরিত্রে কামরুজ্জামান মিল্লাত অভিনয় করেছেন। দেশের বিভিন্ন মঞ্চের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানেও নাটকটির প্রদর্শনী হয়েছে।
শততম প্রদর্শনী ছুঁতে চলেছে থিয়েটার আর্ট ইউনিটের সংগীতনির্ভর আলোচিত নাটক আমিনা সুন্দরী। শিল্পকলা একাডেমিতে আজ ও আগামীকাল মঞ্চস্থ হবে নাটকটি।


0 Comments