দীর্ঘ ২৬ বছর প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফেরা সৌদি প্রবাসী মহিউদ্দিন কচি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এই হামলার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই জয়নাল আবেদীন পরান ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। বসতঘরে চালানো এই হামলায় প্রবাসী মহিউদ্দিন কচি ছাড়াও তাঁর স্ত্রী নারগিস আক্তার, মেয়ে ফাতেমা বিনতে মহি এবং বড় ভাই গিয়াস উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন রাজু আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন কচি অভিযোগ করেন, ২০০৬ সালে তাঁদের বাবা আব্দুর জব্বার ওয়ারিশ সূত্রে ভাই-বোন ও মায়ের নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেন এবং খতিয়ানও প্রকাশিত হয়। দীর্ঘ সময় তিনি প্রবাসে থাকায় ভাই জয়নাল আবেদীন পরান জোরপূর্বক ওই সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, প্রবাসে থাকাকালীন তাঁর স্ত্রী ও আট বছর বয়সী মেয়েকে বিভিন্নভাবে হুমকি ও নির্যাতন করা হয়েছে। সম্প্রতি দেশে ফেরার পর জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় বুধবার সকালে ভাড়াটে লোকজন নিয়ে তাঁদের বসতঘরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, তিনি ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেশে ফেরার দশ দিন পর সৌদি প্রবাসী মহিউদ্দিন কচি ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


0 Comments