সৌদি আরবের মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত ও বাহরাইনও এই হামলার নিন্দা জানিয়েছে। এই কেন্দ্রটি থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়নি। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইয়েমেনের হুতি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, গত মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়। তদন্তের ফলাফল এবং ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে জোটটি। তবে হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে একে মিথ্যা বলে দাবি করেছেন। তার ভাষ্য, মক্কায় হুতিদের হামলার অভিযোগের প্রমাণ দিতে না পারায় তা আড়াল করতেই মদিনার হামলার অভিযোগ তোলা হয়েছে। মদিনায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওআইসি বলেছে, এটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রকাশ্য লঙ্ঘন। সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ মাজালিও এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এছাড়া কুয়েত ও বাহরাইনও সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং বাহরাইন হুতিদের ধারাবাহিক হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
সৌদি আরবের মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি এবং আরব বিভিন্ন দেশ। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা।


0 Comments