কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ৫ আগস্ট যারা পালিয়ে গেছেন, তাদের সংগঠন ১৭ বছরের নানা অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার আর কোনো সুযোগ নেই। তবে তারা বিচ্ছিন্নভাবে কিছু অপকর্মের অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিরোধী দলগুলোকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে বিএনপি সরকারি দলের দায়িত্বে রয়েছে এবং মাত্র ছয় মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর কথায় কথায় মিছিল-মিটিং, লংমার্চ ও রোডমার্চ করা কতটা সঙ্গত, তা তাদেরই ভেবে দেখা উচিত। তিনি আরও বলেন, বিগত নির্বাচনের আগে বিরোধী দলের পক্ষ থেকে নিজেদের আল্লাহর দল হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জান্নাত দেওয়ার কথা বলা হয়েছিল। মানুষের ধর্মীয় অনুভূতি ও দুর্বল জায়গায় আঘাত হেনে ভোট আদায় করার লক্ষ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্পষ্ট করে জানান, কোনো রাজনৈতিক দল কাউকে জান্নাত দিতে পারে না, কারণ জান্নাত সম্পূর্ণভাবে ইমান ও আকিদার বিষয় এবং এটি মহান আল্লাহর হুকুম। উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নিষিদ্ধ আওয়ামী লীগের অপচেষ্টা নিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।


0 Comments