লক্ষ্মীপুরের রায়পুরে গোলাম কিবরিয়া সবুজ নামের এক প্রবাসী ও তাঁর স্ত্রীকে জিম্মি করে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে রায়পুর বাজার থেকে রিয়াদ হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, রিয়াদ হাসান রায়পুর পৌর কৃষকদলের সভাপতি প্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। প্রাথমিক তথ্যে জানা যায়, তাঁর নেতৃত্বেই এই ঘটনা ঘটেছিল এবং তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুরে ফারুক আহমেদের ভবনের নিচতলায় প্রবাসী সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। সাথী আক্তারের মেয়ের জন্মদিনের দাওয়াতে সেখানে গিয়েছিলেন মিলি আক্তার। ওই সময় অভিযুক্তরা সেখানে প্রবেশ করে মিলির সঙ্গে দুর্ব্যবহার করেন, আসবাবপত্র তছনছ করেন এবং সাথীর স্বর্ণালংকার নিয়ে যান। মিলি আক্তার বাধা দিলে তাঁকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর অভিযুক্তরা মিলির মাকে ফোন করে জানান যে তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও মারধর করা হয় এবং তাঁর মানিব্যাগ থেকে টাকা ও ব্যাংকের কার্ড নিয়ে নেওয়া হয়। এ ছাড়া বাদী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ভিডিও ধারণ করা হয় এবং আইনি পদক্ষেপ না নেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার পর দিন প্রবাসী সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে মিজানুর রহমান সর্দার, আব্দুল্লাহ আল মামুন, ইউছুফ আলী, মাছুম বিল্লাহ ও মো. রহিমের নাম রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকায় রিয়াদ হাসানকে আটক করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রিয়াদ হাসান নামের এক কৃষকদল নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


0 Comments