দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় গোবর এবং হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির ওপর জোর দিচ্ছে সরকার। এই লক্ষ্যে খামারিদের উদ্বুদ্ধ করতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলার আনিসপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। পরে প্রতিমন্ত্রী আমিনুল হক একটি বায়োগ্যাস প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের চিন্তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জ্বালানি সংকট মোকাবেলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।


0 Comments