কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মকবুল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরীর ব্যবহার করা একটি পুরোনো ব্লেডের আঘাতে ওই ব্যক্তি আহত হন বলে থানায় দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী রাতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেন সম্পর্কে প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং অনৈতিক প্রস্তাবসহ ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি এর আগে অভিযুক্তের স্বজনদের জানিয়ে পরিবার থেকে সতর্ক করা হয়েছিল। অভিযোগে আরও বলা হয়, বুধবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর বাড়িতে এসে তাকে শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন এবং প্রত্যাখ্যান করলে রাতে ধর্ষণের হুমকি দিয়ে চলে যান। পরে সন্ধ্যার দিকে কিশোরীর দাদি নামাজ পড়ার সুযোগে অভিযুক্ত বাড়িতে ঢুকে কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় আত্মরক্ষার জন্য ঘরে থাকা পুরোনো ব্লেড দিয়ে আঘাত করলে ওই বৃদ্ধ আহত হয়ে চিৎকার করতে করতে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে রক্তের দাগ দেখা গেছে এবং অভিযুক্ত ব্যক্তি গোপনে অন্য কোনো এলাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন জানান, এ বিষয়ে কিশোরীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আত্মরক্ষার চেষ্টার সময় ব্লেডের আঘাতে অভিযুক্ত বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা গেছে।


0 Comments