চলচ্চিত্র প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা আজও অর্ধাঙ্গিণী। পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের এই সিনেমাটি গত ১০ জুলাই মুক্তির পর টানা ৭৫ দিন প্রদর্শনী করে ব্লকবাস্টার হিট তকমা অর্জন করেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সফল সিনেমা অর্ধাঙ্গিণীর এই সিক্যুয়েলে আগের মতো প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য। সিনেমাটির সাফল্য নিয়ে অভিনেত্রী জয়া আহসান জানান, ভালো গল্প ও কনটেন্ট হলে দর্শক যে প্রেক্ষাগৃহে আসেন, এই সিনেমাটি তারই প্রমাণ। মেঘনা চরিত্রে তার অভিনয় এবং ছবির বিভিন্ন সংলাপ দর্শকদের আবেগপ্রবণ করেছে বলে তিনি উল্লেখ করেন। মুক্তির পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম ও সমালোচকরা সিনেমাটির গল্প এবং অভিনয়শিল্পীদের প্রশংসায় মেতে ওঠেন। সংবাদ প্রতিদিন ও দ্য ওয়ালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জয়া আহসানের সংযত অভিনয় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার রসায়নের বিশেষ প্রশংসা করা হয়। আজ শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার ফলে বাংলাদেশের দর্শকেরাও এখন ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
প্রেক্ষাগৃহে ৭৫ দিন সফল প্রদর্শনী শেষে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেল কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা আজও অর্ধাঙ্গিণী। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য।

0 Comments