ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে একটি গোপনীয় গবেষণাগার স্থাপন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সান ফ্রান্সিসকো বে এরিয়াতে প্রতিষ্ঠিত এই ওয়েট ল্যাবে জীববিজ্ঞান নিয়ে বিভিন্ন বাস্তব পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। অ্যানথ্রপিকের লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান এরিক কাউডেরার-আব্রামস রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাব প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করে জানান যে তাদের লক্ষ্য বিরল রোগের নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করা। তিনি বলেন, জীববিজ্ঞানের গবেষণায় চূড়ান্ত পরীক্ষা এখনো বাস্তব ল্যাবেই করতে হয় এবং বায়োটেক প্রতিষ্ঠানগুলোর মতোই তারা নিজস্ব গবেষণাগার ও বাইরের অংশীদারদের নিয়ে যৌথভাবে কাজ করছেন। পরে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, ল্যাবটি কেবল ওষুধ আবিষ্কারের জন্য তৈরি করা হয়নি, যদিও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রচলিত ওষুধশিল্পের উপেক্ষিত রোগ নিরাময় এবং মানুষের অস্তিত্বের ওপর এআইয়ের হুমকি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডারিও আমোডেইয়ের ব্যক্তিগত আবেগের সঙ্গেও উদ্যোগটি জড়িত বলে জানা গেছে। এরিক কাউডেরার-আব্রামস আরও বলেন, শক্তিশালী এআইয়ের মাধ্যমে জীবনবিজ্ঞানে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই তারা কাজ করছেন। এই প্রযুক্তির মাধ্যমে জটিল রোগ নিরাময়ে দ্রুতগতিতে অ্যান্টিবডি আবিষ্কার করা সম্ভব হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তবে অ্যানথ্রপিক ঠিক কোন কোন রোগ নিয়ে কাজ করছে বা তাদের অগ্রগতির চিত্র কী, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ল্যাবে যৌগ শনাক্তের পর মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে ওষুধ বাজারে আনতে দীর্ঘ সময় লাগে। গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের ওষুধ গবেষণা শাখা আইসোমরফিক ল্যাবসও এখনো মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছাতে পারেনি। গবেষণাগারসহ বিভিন্ন শিল্পে অটোমেশনের প্রসার ঘটাতে গত আগস্টে ‘মডেল হার্ডওয়্যার স্ট্যান্ডার্ড’ চালু করেছে অ্যানথ্রপিক, যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি যন্ত্রপাতি পরিচালনা করতে পারে।
বিরল রোগের চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন ও ওষুধবিজ্ঞানের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের লক্ষ্যে একটি নতুন গবেষণাগার স্থাপন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।


0 Comments