ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ ও বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষর করা ওই চিঠি বিএফআইইউর পরিচালক বরাবর পাঠানো হয়। দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির নামে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব ধরনের হিসাবের তথ্য তলব করা হয়েছে। এর মধ্যে চলমান, বন্ধ বা সুপ্ত ব্যাংক হিসাবের পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণ হিসাবের সব তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে আসিফের জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের অনুরোধ জানিয়েছে দুদক। এর আগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে এবং অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এসব দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। গত ১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন এবং অনুসন্ধানে সব ধরনের আইনগত সহযোগিতার কথা জানান।

সংক্ষেপে:
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশবিদেশের সম্পদ এবং ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউর কাছে চিঠি পাঠিয়েছে দুদক।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুদক

0 Comments