ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে ১৪ ফুট দীর্ঘ বিশাল অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে ১৪ ফুট দীর্ঘ বিশাল অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির আঙিনা থেকে ১৪ ফুট দীর্ঘ এবং ২৩ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজনগর লামুয়া এলাকার সাবেক ইউপি সদস্য কদর আলীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। লোকালয়ে এমন বিশালাকৃতির সাপ চলে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কদর আলীর বাড়ির আঙিনায় অজগরটি ঘুরে বেড়াতে দেখেন স্বজনেরা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। তথ্য পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা যৌথ চেষ্টা চালিয়ে সাপটিকে কোনো আঘাত না করে অক্ষত অবস্থায় বস্তাবন্দী করেন। পরে অজগরটিকে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন জানিয়েছে, সাপটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আগস্ট মাসেই তারা শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে ১৭টি সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে বুঝিয়ে দিয়েছে। একের পর এক বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় শ্রীমঙ্গলের জঙ্গলঘেরা এলাকার মানুষের উদ্বেগ বাড়ছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপ দেখে আতঙ্কিত না হয়ে দ্রুত বিশেষজ্ঞ বা বন বিভাগকে খবর দেওয়া উচিত। পাশাপাশি সাপের উপদ্রব কমাতে বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।

সংক্ষেপে:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক ইউপি সদস্য কদর আলীর বাড়ির আঙিনা থেকে ১৪ ফুট দীর্ঘ ও ২৩ কেজি ওজনের একটি বিশাল অজগর উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে ১৪ ফুট দীর্ঘ বিশাল অজগর সাপ উদ্ধার

0 Comments