মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার অবাস্তব ও ভুয়া বিল পাঠানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মন্ত্রীর জরুরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়। সংবাদমাধ্যমে বিষয়টি নজরে আসার পর মন্ত্রী নিজে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে গ্রাহককে আশ্বস্ত করেন যে ইতোমধ্যে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের ওই ভুতুড়ে বিল ইস্যু করা হয়েছিল, যা নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিটার বদলানোর সময় যান্ত্রিক ভুলে সিল নম্বরের সংখ্যা ডিমান্ড চার্জের ঘরে চলে যাওয়ায় এই অস্বাভাবিক বিল তৈরি হয়েছিল। ঘটনার সত্যতা পেয়ে এর সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জনগণের ভোগান্তি কমাতে বিদ্যুৎ খাতের যেকোনো অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল পাঠানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী এবং সংশ্লিষ্ট জিএমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


0 Comments