কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটের উৎপাদন গত চার দিন ধরে বন্ধ রয়েছে। ত্রুটি ঠিক করতে ভারত থেকে দুই জন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও তারা এখনো এসে পৌঁছাননি। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি কবে নাগাদ আবার চালু হতে পারে এবং উৎপাদন কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিডে দৈনিক ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। কিন্তু গত রবিবার সকালে বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি বন্ধ থাকায় কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ১০০ মেগাওয়াট থেকে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার রাতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উৎপাদন বিষয়ক সদস্য মো. জহুরুল ইসলাম জানান, নিষ্ক্রিয় হওয়া ইউনিটটি বর্তমানে ঠান্ডা করার বা কুল ডাউন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে ভারতীয় প্রকৌশলীরা কবে নাগাদ রামপালে পৌঁছাবেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এদিকে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ থাকায় বাগেরহাট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি পূর্ণ সক্ষমতায় চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কারিগরি ত্রুটির কারণে চার দিন ধরে বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিট। ভারত থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা এখনো না পৌঁছায় উৎপাদন চালুর সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


0 Comments