কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসলাম (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের বত্রিশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আসলাম কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মো. মোখলেছ উদ্দীনের ছেলে এবং পেশায় একজন বিদ্যুৎ শ্রমিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল তিনটার দিকে বত্রিশ এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন মো. আসলাম। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন কালু নজরুল ইসলাম জানান, পরিবারে আর্থিক সহযোগিতা করতে আসলাম বিদ্যুতের কাজ করতেন এবং তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি বড় ধরনের আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে।


0 Comments