ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজধানীতে স্মরণ করা হলো মুক্তিযোদ্ধা ও গবেষক দিনু বিল্লাহকে

রাজধানীতে স্মরণ করা হলো মুক্তিযোদ্ধা ও গবেষক দিনু বিল্লাহকে

মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক দিনু বিল্লাহর স্মরণ এবং তাঁর গণসংগীতের ইতিহাসবিষয়ক গ্রন্থ ‘মিলিত প্রাণের কলরব’ নিয়ে রাজধানীতে একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ঢাকা থিয়েটার ও অনন্যা প্রকাশনীর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ, গণসংগীত–গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইম রানা এবং দিনু বিল্লাহর জীবনসঙ্গী মাহবুবা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, ‘মিলিত প্রাণের কলরব’ কেবল গণসংগীতের ইতিহাস নয়, একটি সময়ের সাংস্কৃতিক পরিবেশেরও গুরুত্বপূর্ণ দলিল। গান কখন, কোথায় ও কীভাবে তৈরি এবং পরিবেশিত হয়েছে, তার পাশাপাশি দিনু বিল্লাহ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও বইটিতে যুক্ত করেছেন। তিনি আরও বলেন, এই বইকে কেন্দ্র করে নতুন প্রজন্মের জন্য গবেষণার সুযোগ রয়েছে এবং সেই গবেষণার মাধ্যমে তৎকালীন মূল্যবোধ, সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ষাটের দশকের দ্বিতীয়ার্ধে গড়ে ওঠা সাংস্কৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন দিনু বিল্লাহ। সংগীত অন্তপ্রাণ এই মানুষটি একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। দিনু বিল্লাহর স্ত্রী মাহবুবা খানম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, শিশু থেকে বৃদ্ধ—যেকোনো বয়সের মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন দিনু। মুক্তিযুদ্ধ তাঁর চিন্তার কেন্দ্র ছিল এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের কথা পৌঁছে দেওয়ার তাগিদ তাঁর মধ্যে গভীরভাবে ছিল বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনু বিল্লাহর বোন, অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। ভাইয়ের সঙ্গে স্মৃতিচারণা করে তিনি বলেন, ছোটবেলায় ভাইয়ের সাইকেলে চড়ে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং তাঁর হাত ধরেই বহু গুণী মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। ২০২৩ সালের ২৩ আগস্ট কানাডায় মারা যাওয়ার আগে দিনু বিল্লাহ দেহদান করে গেছেন উল্লেখ করে শিমূল ইউসুফ বলেন, তাঁর ভাইয়ের শরীরের বিভিন্ন অংশ নিয়ে যারা হাঁটছেন, তাদের অংশ হয়েই বেঁচে আছেন তিনি। গণসংগীত–গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইম রানা গণসংগীতের বিকাশ ও ইতিহাসের ধারাবাহিকতায় দিনু বিল্লাহর গবেষণার গুরুত্ব তুলে ধরেন। দিনু বিল্লাহ ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। নাট্যচর্চার পাশাপাশি তিনি লেখালেখি ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘কাকা বাবুর টয় হাউজ’, ‘টয় হাউজ থেকে ১৯৭১: মৃত্যু ছায়াসঙ্গী’ এবং শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে লেখা ‘সুরের বরপুত্র’। আলোচনা সভা শেষে ঋষিজ শিল্পীগোষ্ঠী গণসংগীত পরিবেশন করে।

সংক্ষেপে:
রাজধানীতে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা ও গবেষক দিনু বিল্লাহকে স্মরণ এবং তাঁর গ্রন্থ ‘মিলিত প্রাণের কলরব’ নিয়ে আলোচনা সভা।
রাজধানীতে স্মরণ করা হলো মুক্তিযোদ্ধা ও গবেষক দিনু বিল্লাহকে

0 Comments