যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭ এ শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি দেশের শীর্ষস্থানীয় দুই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তবে এই তালিকায় জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ চারটি প্রতিষ্ঠান। বুধবার টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকা অনুযায়ী, বিশ্বের ১১৮টি দেশের দুই হাজার ২৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষার মান, গবেষণা, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর মতো বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। এবারের র্যাংকিংয়ে দেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১ থেকে ১০০০ র্যাংকের ঘরে যৌথভাবে দেশের শীর্ষে অবস্থান করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়া ১০০১ থেকে ১২০০ র্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১২০১ থেকে ১৪০০ র্যাংকের তালিকায় যৌথভাবে স্থান পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১৪০১ থেকে ১৬০০ র্যাংকের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ১৮০১ থেকে ২০০০ র্যাংকের ঘরে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই পাঁচটি মূল ক্ষেত্রের পারফরম্যান্স সূচক বিচার করে এই বিশ্ব র্যাংকিং প্রস্তুত করা হয়ে থাকে।
টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব র্যাংকিংয়ে হাজার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান মেলেনি ঢাবি ও বুয়েটের, দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই তালিকায়।


0 Comments