আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের সমন্বয়হীনতার অভিযোগ এনে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। আদালত প্রাঙ্গণ থেকে কালো ব্যাজ ধারণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, বিচারকদের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই, বরং তাদের অসন্তোষের মূল কারণ সমন্বয়হীনতা ও অসৌজন্যমূলক আচরণ। এ সময় সাধারণ বিচারপ্রার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হন, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বর্জন করা আদালতে সাধারণ বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীদের প্রবেশ না করার আহ্বান জানান সমিতির সভাপতি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচির পূর্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামাল উদ্দিনসহ অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীরা। এর আগে গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মিছিলের মতো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। চলমান আন্দোলনের নবম দিনে এই কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হলো। আইনজীবীদের বর্জনের তালিকায় থাকা তিন বিচারক হলেন চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।
চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।


0 Comments