বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সমস্ত সম্পদ লুটপাট করে এখন বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, যারা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে আসার কথা বলে উঁকিঝুঁকি দিচ্ছে, তাদের ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে কালকেই দেশে চলে আসার আহ্বান জানাচ্ছি। তাদের উপযুক্ত অভ্যর্থনা জানাতে দুটি হাতকড়া প্রস্তুত রাখা হয়েছে এবং আইনের মুখোমুখি করা হবে। ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের মানবতাবিরোধী আচরণের বিচার এই বাংলার মাটিতেই করা হবে। এই বিচার নিশ্চিত করতে পার্শ্ববর্তী দেশের কাছে পালিয়ে থাকা ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বর্তমান সরকার জনগণের সব অধিকার ফিরিয়ে দিতে এবং লুট হওয়া অর্থের হিসাব উদ্ধার করতে বদ্ধপরিকর বলে জানান তিনি। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সাহস থাকলে কালকেই দেশে চলে আসুন, পালিয়ে থাকা দোসরদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


0 Comments