ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার জেরে ব্রিটিশ গায়ক এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার পর ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। বেন হ্যাগার্টি নামে পরিচিত এই র্যাপার জানিয়েছেন, ট্যুর থেকে অর্জিত এই অর্থ তিনি ফিলিস্তিনিদের সহায়তায় নিয়োজিত ছয়টি সংস্থায় দান করবেন। একই সঙ্গে তিনি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস-এর মালিক এবং মার্কিন প্রোমোটার রবার্ট ক্র্যাফটকে তাঁর অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ম্যাকলমোর বলেন, মতপার্থক্য যাই থাকুক না কেন, ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা যে মূল্যবান, সে বিষয়ে সবাই একমত হতে পারেন। তিনি আরও বলেন, এই অনুদান নিজের বা চলমান বিতর্ককে কেন্দ্র করে নয়, বরং চিকিৎসা সরঞ্জামহীন হাসপাতালে ছুটন্ত মানুষ এবং ঝুঁকি নেওয়া চিকিৎসক, প্যারামেডিক, সাংবাদিক ও ত্রাণকর্মীদের কথা সামনে আনার জন্য। এ সময় তিনি ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি কিশোর মুহাম্মদ আল-জিনাতির কথাও উল্লেখ করেন। শুধু ত্রাণ দিয়ে এই পরিস্থিতির সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এটি মানুষের তৈরি অবিচার এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য দ্রুত রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের সঙ্গে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়া এবং ‘হিন্দস হল’ গান পরিবেশনের পর যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েন ম্যাকলমোর। ম্যাকলমোর দাবি করেন, তাঁর ১৩ বছরের বন্ধু এড শিরান তাঁকে জানিয়েছিলেন যে, তাঁকে সফর থেকে বাদ না দিলে অন্য স্টেডিয়াম মালিকরা বয়কটের উদ্যোগ নিতেন। তবে এড শিরান ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সফরের আয়োজক ও ভেন্যুগুলো, তিনি নিজে এর সঙ্গে জড়িত নন। তিনি নিজের মঞ্চকে রাজনৈতিক ফোরাম নয়, বরং নিরাপদ ও আশ্রয়ের জায়গা রাখতে চান বলে জানান। অন্যদিকে, রবার্ট ক্র্যাফট নিশ্চিত করেছেন যে ম্যাকলমোরের ‘ইহুদিবিদ্বেষী বক্তব্য ও প্রতীকের দীর্ঘ ইতিহাস’ থাকার কারণে তাঁকে সফর থেকে বাদ দিতে তিনি শিরানের ওপর চাপ সৃষ্টি করেছিলেন এবং গিলেট স্টেডিয়ামে অনুষ্ঠান করার সুযোগ দেবেন না বলে জানিয়েছিলেন।
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে এড শিরানের ট্যুর থেকে বাদ পড়া মার্কিন র্যাপার ম্যাকলমোর ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।


0 Comments