বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)। জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানবাধিকারের ওপর সৃষ্ট প্রভাব পর্যবেক্ষণের উদ্দেশ্যে একটি তথ্য সংগ্রহের কাঠামো তৈরির বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ফরাসি উন্নয়ন সংস্থার পরিবেশবিশেষজ্ঞ ড. ফরিদ লামারা। এ সময় সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক নিউম্যান ম্যাক্স সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবীর। বৈঠকে আলোচিত প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়নকারী হিসেবে অংশ নেবে। এছাড়া গবেষণার জন্য একটি তথ্য সংগ্রহের কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়, যা ব্যবহার করে সরকার, সুশীল সমাজ ও শিক্ষাঙ্গনসহ বিভিন্ন পক্ষ জলবায়ু পরিবর্তনের ফলে মানবাধিকারের ওপর পড়া প্রভাব নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবে। গবেষণা প্রকল্প পরিচালনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি গবেষণা কমিটি ও একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে যুক্ত করে প্রকৃতি, জলবায়ু পরিবর্তন এবং নদীদূষণ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে। ফরাসি বিশেষজ্ঞকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে এএফডির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। গবেষণা পরিচালনা এবং এর ফলাফল কার্যকরভাবে বাস্তবায়নের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন উপাচার্য। তিনি উল্লেখ করেন যে, গবেষণার মাধ্যমে দেশের নদ-নদীগুলোকে রাসায়নিক দূষণমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে যৌথ গবেষণা প্রকল্প চালুর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরাসি উন্নয়ন সংস্থার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


0 Comments