কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি ভর্তুকিযুক্ত ১৭১ বস্তা ইউরিয়া সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়ি এবং ১১১ বস্তা সার জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আটক দুজনসহ এক অনুমোদিত সার ডিলার ও আরও একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সকালে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ট্রলিতে করে সার সরিয়ে নেওয়ার সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কৃষকদের জন্য নির্ধারিত ভর্তুকিযুক্ত এই সার অনুমোদিত চ্যানেলের বাইরে পাচার করা হচ্ছিল। এই মামলার অন্য আসামিরা হলেন অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন। পুলিশ জানিয়েছে, কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার ভর্তুকিতে সার সরবরাহ করে থাকে। এই সার নির্ধারিত নিয়মের বাইরে বিক্রি করা হলে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ উল্লেখ করেন যে, অবৈধভাবে সার পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা সার ও গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইনে ১১১ বস্তা সরকারি ভর্তুকিযুক্ত ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


0 Comments