দীর্ঘ ১৭ বছর বিরতির পর কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীতে আবারও অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রেম ঘাট এলাকায় সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। চার কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় কিশোরগঞ্জ ছাড়াও বৃহত্তর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং নেত্রকোনা জেলা থেকে আসা ছোট-বড় অন্তত ১২টি নৌকা অংশ নেয়। বিকেল থেকেই ঘোড়াউত্রা নদীর দুই পাড়ে হাজারো মানুষের ভিড় জমে। নদীর শান্ত জলে মাঝিদের বৈঠার ছন্দ এবং হুংকারে চারপাশ মুখরিত হয়ে ওঠে। নৌকাগুলোর গতি ও লড়াই দেখতে নদীর পাড় ও ছোট নৌকায় অবস্থান নেন নানা বয়সী দর্শক। প্রতিযোগিতা শেষে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। নৌকাবাইচ দেখতে আসা সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে ভালো লেগেছে এবং নিয়মিত এমন আয়োজন হলে নতুন প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে। স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার হাওরাঞ্চলের অন্যান্য লোকজ সংস্কৃতিও নিয়মিত আয়োজনের দাবি জানান। প্রতিযোগী নোবেল বলেন, এমন আয়োজনে বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। প্রথম স্থান অধিকারীকে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি এলইডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়। সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া বলেন, প্রাচীন সংস্কৃতি বাঁচিয়ে রাখতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে আয়োজকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জের নিকলীতে ঘোড়াউত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১২টি নৌকা অংশ নেয় এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।


0 Comments