ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিষেধাজ্ঞা নয়, শৃঙ্খলার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের তাগিদ

নিষেধাজ্ঞা নয়, শৃঙ্খলার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের তাগিদ

বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় স্বল্প দূরত্বের পথ এবং সরু সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দিয়েছেন লেখক ও গবেষক মো. ইমরান আহম্মেদ। তাঁর মতে, যাতায়াত সহজ করার পাশাপাশি এই বাহনটি বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে সড়কে এর নেতিবাচক প্রভাব ও নিরাপত্তার বিষয়টিও গভীরভাব পর্যালোচনার দাবি রাখে বলে তিনি উল্লেখ করেন। মো. ইমরান আহম্মেদ বলেন, অটোরিকশার সংখ্যা বাড়লেও চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স, যানবাহনের মান এবং ট্রাফিক আইন মানার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা যায়নি। অপরিকল্পিতভাবে গাড়ি থামানো বা ইউটার্ন নেওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং অন্যান্য যানবাহনের গতি ব্যাহত হচ্ছে। এছাড়া অনেক যানে পর্যাপ্ত আলো বা নিরাপত্তা সরঞ্জাম না থাকায় রাতে ঝুঁকি আরও বাড়ে। নিবন্ধিত অন্যান্য যানবাহনের তুলনায় অটোরিকশার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি অনিয়ন্ত্রিত বাস্তবতা তৈরি হয়েছে বলে তিনি জানান। সমস্যা সমাধানে শুধু নিষেধাজ্ঞা না দিয়ে একটি বাস্তবসম্মত ও ন্যায়সংগত নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন মো. ইমরান আহম্মেদ। এর মধ্যে রয়েছে সহজ নিবন্ধন ব্যবস্থা চালু করা, চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ ও দক্ষতা যাচাই, ন্যূনতম নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা এবং স্থানীয় বাস্তবতার ভিত্তিতে রুট ও সময় নির্ধারণ করা। আইনের প্রয়োগ সবার জন্য সমান করার পক্ষে মত দিয়ে তিনি উল্লেখ করেন, গরিবের বাহন বলে চালক বা মালিকদের সড়ক নিরাপত্তার নিয়মের বাইরে রাখা যুক্তিযুক্ত নয়। মানুষের চলাচলের অধিকারের পাশাপাশি নিরাপদে চলাচলের অধিকার নিশ্চিত করতে নীতিনির্ধারকদের সমন্বিত নীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন এই গবেষক।

সংক্ষেপে:
ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ না করে নিবন্ধন, প্রশিক্ষণ ও শৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন গবেষক মো. ইমরান আহম্মেদ।
নিষেধাজ্ঞা নয়, শৃঙ্খলার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের তাগিদ

0 Comments