জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে দেশে পুনরায় আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খান বলেন, সরকারাজে সহযোগিতার বদলে জামায়াত বুঝে কিংবা না বুঝে নানা ধরনের হঠকারিতা করছে, যা ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনের পথ সুগম করছে। আওয়ামী লীগ যদি এই সুযোগে ফিরে আসে, তবে এর দায় জামায়াত ও এনসিপিকে নিতে হবে বলে জানান তিনি। দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আন্তরিকভাবেই এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত ফখরুদ্দীন-মঈন উদ্দীন সরকারের আমলের দুই বছরের অব্যবস্থাপনা, আওয়ামী লীগের ষোলো বছরের দীর্ঘ শাসন আমলের লুটপাট ও ক্যাপাসিটি চার্জের দুর্নীতির পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ের বিভিন্ন সমস্যা এক হয়ে বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। রাতারাতি এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। ঢাকা থেকে রংপুরের অভিমুখে জামায়াতের লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এই লংমার্চ নিয়ে স্থানীয় রংপুরবাসীর কোনো ধরনের আগ্রহ নেই। উল্টো এই কর্মসূচির কারণে জ্বালানি তেলের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চলমান সংকট আরও জটিল আকার ধারণ করছে। এছাড়া জুলাই জাতীয় সনদ ও গণভোটকে একটি মীমাংসিত বিষয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, দীর্ঘ নয় মাস আলোচনার পর জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছিল। যেহেতু স্বাক্ষরিত সনদের পূর্ণ বাস্তবায়ন চলছে, তাই নতুন করে লংমার্চ করার কোনো যৌক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন। এর আগে তিনি বেরোবির শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমজিয়াজ ইয়ামিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতের হঠকারিতার কারণে দেশে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।


0 Comments