রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক পুলিশ কর্মকর্তাকে নারীসহ আটক করা হয়েছে। নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে দরজা না খোলায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশের হেফাজতে নেয়। পুলিশ কর্মকর্তা মাহবুব আলম দাবি করেন ওই নারী তার স্ত্রী, তবে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি। অন্যদিকে নিজেকে পুলিশ কর্মকর্তার ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নি আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগ করেন, মাহবুব তাকে চারদিন আগে তালাক দেওয়ার দাবি করলেও তিনি কোনো কাগজ পাননি। আন্নি আরও অভিযোগ করেন, মাহবুব একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানিয়েছেন, কোনো ছুটি বা অনুমতি না নিয়েই ওই কর্মকর্তা রাজশাহীতে অবস্থান করছিলেন, যা অপরাধ এবং বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীতে নারীসহ এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ছুটি ছাড়াই কর্মস্থল ত্যাগ করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


0 Comments