দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে ভুটানের জোরালো সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণের স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হয়। ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলে একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সংক্ষিপ্ত এই আলাপচারিতায় বাংলাদেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান। পাশাপাশি, ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে, বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা দক্ষ জনশক্তি জোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি প্রদানের মাধ্যমে যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের সূত্রপাত হয়েছিল, বৈঠকে তার ভূয়সী প্রশংসা করা হয়। এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানির উদ্দেশে রওনা দেওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে সার্ককে আবার সক্রিয় করতে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।


0 Comments