বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে পোশাক খাতের বর্তমান উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিজিএমইএ নেতারা জানান, এই খাতের সঙ্গে সরাসরি প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান ও ৩ হাজার উদ্যোক্তা জড়িত। গ্যাস-বিদ্যুতের ঘাটতিসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি পোশাক রপ্তানি ভবিষ্যতে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথাও তুলে ধরেন তাঁরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, বিরোধীদলীয় নেতার কাছে খাতের নানা সংকট তুলে ধরা হয়েছে এবং তিনি তা মনোযোগ দিয়ে শুনেছেন। সংকট নিরসনে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন উদ্যোক্তারা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের অংশ হিসেবে এবং পোশাকশিল্পের অবদানের কথা মাথায় রেখে বিজিএমইএ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতার কথা উল্লেখ করে তিনি জানান, জ্বালানিসংকট সমাধানে জামায়াতে ইসলামী নিজস্ব বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে কারিগরি ও নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। এছাড়া সংসদে ইতিবাচক ভূমিকা পালনের পাশাপাশি রাজপথে জনগণের ন্যায্য দাবির পক্ষে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় জামায়াতের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বেশ কয়েকজন নেতা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি উপস্থিত ছিলেন। অন্যদিকে বিজিএমইএ প্রতিনিধিদলে সভাপতি ছাড়াও জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মো. রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, বিদিয়া অমৃত খান, শেহাব উদ্দুজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পরিচালকেরা অংশ নেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠকে পোশাকশিল্পের জ্বালানিসংকট, রপ্তানি চ্যালেঞ্জ ও উৎপাদন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।


0 Comments